১. ভূমিকা:
নবী সুলাইমান (আ.) ইসলামের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, যিনি ছিলেন একই সাথে একজন নবী ও একজন বাদশাহ। তাঁর শাসনকাল ছিল জ্ঞান, প্রযুক্তি, ন্যায়বিচার, দাওয়াহ ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। তিনি ছিলেন এমন এক নেতা, যিনি কেবল মানুষ নয়, বরং জিন, পশু ও পাখির প্রতিও প্রভাব বিস্তার করতেন। আল্লাহ সুলায়মানের জন্য অনুগত করে দিয়েছিলেন প্রবল বাতাসকে, যা তার নির্দেশে প্রবাহিত হত। কুরআনের একাধিক সূরায় সুলাইমান (আ.)-এর কাহিনী আলোচিত হয়েছে, যা থেকে বহু নৈতিক শিক্ষা ও হিকমাহ পাওয়া যায়।
২. সুলাইমান (আ.)-এর পরিচিতি ও দাওয়াতি জীবন:
সুলাইমান (আ.) ছিলেন নবী দাউদ (আ.)-এর পুত্র এবং উত্তরসূরি। তিনি নবুওত ও রাজ্য—উভয়ই লাভ করেছিলেন। নবী ও বাদশাহ—দুই ভূমিকারই উত্তরাধিকারী। আল্লাহ তাঁকে অসাধারণ জ্ঞান, বিচারবুদ্ধি ও অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। তিনি ছিলেন অনন্য প্রযুক্তিগত জ্ঞান ও বুদ্ধিবৃত্তির অধিকারী (সূরা আন-নামল ২৭:১৬)। তিনি দাওয়াহ ও নেতৃত্বকে একত্রে প্রয়োগ করে তাওহীদ প্রতিষ্ঠা করেছিলেন এবং কুফরি শক্তির বিরুদ্ধে প্রজ্ঞা ও কৌশলে বিজয় অর্জন করেন। দাওয়াতি ভূমিকা: ক্ষমতা থাকা সত্ত্বেও নম্রতা ও আল্লাহর প্রতি ভয়। রাণী বিলকিসের (সাবার রাণী) ইসলাম গ্রহণ—সুলাইমান (আ.)-এর বুদ্ধিদীপ্ত দাওয়াহর ফল (সূরা আন-নামল ২৭:৪৪)। তাঁর দাওয়াতি কার্যকলাপ বিশেষভাবে প্রকাশ পায় রাণী বিলকিসের ইসলাম গ্রহণের ঘটনায়।
৩. পিতা ও পুত্রের বিচার-ফায়সালায় শিক্ষা ও হিকমাহ:
দাউদ (আ.) ও সুলাইমান (আ.)-এর ফয়সালার ঘটনা একটি অসাধারণ বিচার ঘটনা হিসেবে কুরআনে আলোচিত হয়েছে। সুলাইমান (আ.)-এর বিচারবোধের প্রথম প্রকাশ ঘটে তখন, যখন এক কৃষক অভিযোগ করেন যে রাতে একজনের গৃহপালিত মেষ তার ফসলের ক্ষতি করেছে। নবী দাউদ (আ.) রায় দেন, ক্ষতিপূরণ হিসেবে পশুগুলো কৃষককে দেওয়া হবে। কিন্তু তখন তরুণ সুলাইমান (আ.) বিকল্প এবং আরও সুবিচারপূর্ণ প্রস্তাব দেন: কৃষক সাময়িকভাবে পশুগুলো ব্যবহার করবেন এবং তাদের দু্ধ পান করবেন, আর পশুর মালিক জমি সংস্কার করে পূর্বাবস্থায় ফিরিয়ে দেবেন। কুরআন এ বিষয়ে বলে: “আমরা তা বুঝিয়ে দিয়েছিলাম সুলাইমানকে এবং উভয়কেই দিয়েছিলাম হিকমাহ ও জ্ঞান।” (সূরা আম্বিয়া ২১:৭৮–৭৯)। শিক্ষা: ন্যায়বিচারে যুক্তি ও ভারসাম্যের গুরুত্ব এবং পিতার প্রতি পুত্রের সম্মান বজায় রেখে মতপ্রকাশের শৈলী।
৪. সুলাইমান (আ.) এবং রাণী বিলকিসের কাহিনীতে শিক্ষা ও হিকমাহ:
সূরা আন-নামল (আয়াত ৩০–৪৪)-এ বর্ণিত এই ঘটনা সুলাইমান (আ.)-এর দাওয়াতি বুদ্ধিমত্তার পরিচয় বহন করে। তিনি রাণী বিলকিসের কাছে মার্জিত ভাষায় চিঠি পাঠান, যা অহংকার পরিহার করে ইসলামের দিকে ডাকে। রাণী বিলকিস সাড়া দেন রাজনৈতিক বিচক্ষণতা ও বুদ্ধিবৃত্তিক পর্যালোচনার মাধ্যমে। শেষ পর্যন্ত তিনি ইসলাম গ্রহণ করেন এবং বলেন: “আমি সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের রব্ব আল্লাহর নিকট আত্মসমর্পণ করছি।” (সূরা নামল: ৪৪)। হিকমাহ: শান্তিপূর্ণ দাওয়াহ, নারীর নেতৃত্বের গ্রহণযোগ্যতা, রাজনৈতিক ও ধর্মীয় কৌশলের সংমিশ্রণ এবং অহংকারের বিপরীতে বিনয় ও জ্ঞান।
৫. সুলাইমান (আ.)-এর সালাত মিস হওয়া এবং শিক্ষা ও হিকমাহ:
সূরা সাদ (৩৮:৩১–৩৩)-এ এক ঘটনার উল্লেখ আছে যেখানে সুলাইমান (আ.) ঘোড়ার প্রতি মুগ্ধ হয়ে পড়ায় তাঁর সালাত মিস হয়। পরবর্তীতে তিনি বলেন: “আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি... অতঃপর তিনি ঘোড়ার ঘাড় ও পায়ে হাত বুলাতে লাগলেন।” তাফসীরকারদের মতে, এটি হয়তো কুরবানীর প্রতীক, অথবা ঘোড়ার প্রতি ভালোবাসার প্রকাশ, যা আত্মসমালোচনার প্রতীক। শিক্ষা: ইবাদতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, আত্মসমালোচনার জায়গা থাকা এবং নেতৃত্বে আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধ।
৬. সুলাইমান (আ.)-এত বাহিনী (জ্বিন, মানুষ ও বিহংগকুল) এবং পিপিলিকার ঘটনা - শিক্ষা ও হিকমাহ:
নবী সুলাইমান (আ.)-এর বাহিনী ছিল এক অনন্য মিশ্র বাহিনী, যাতে মানুষ, জ্বিন এবং পাখিরা ছিল—যা আল্লাহর পক্ষ থেকে একটি অলৌকিক ও বিশাল নিয়ামত। সূরা নামল (২৭:১৭-১৮)-এ বর্ণিত একটি দৃশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সুলাইমান (আ.)-এর বাহিনী চলার পথে একটি পিপীলিকা তার সম্প্রদায়কে সতর্ক করে বলে: “হে পিপীলিকা দল, তোমরা তোমাদের গহ্বরে প্রবেশ করো, যাতে সুলাইমান ও তার বাহিনী তাদের অজান্তে পদদলিত না করে।” সুলাইমান (আ.) পিপীলিকার কথা শুনে হেসে ফেলেন এবং কৃতজ্ঞতা স্বীকার করে দো’য়া করেন।
সুলাইমান এই উক্তিতে মৃদু হাসলেন এবং বললেন, ‘হে আমার রব , তুমি আমাকে সামর্থ্য দাও, যাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ তার জন্য এবং যাতে আমি তোমার পছন্দমত সৎকাজ করতে পারি। আর তুমি নিজ করুণায় আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের শ্রেণীভুক্ত করে নাও (২৭:১৯)।
এই ঘটনাটি আমাদের শেখায়, (ক) একজন প্রকৃত নেতা কেবল বড় শক্তির নয়, বরং ছোট প্রাণীর প্রতিও দয়ার মনোভাব পোষণ করেন; (খ) সর্বশ্রেষ্ঠ শাসকরাও যদি অহংকারহীন ও বিনয়ী হন, তবেই তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারেন; (গ) একটি পিপীলিকার মতো ছোট প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা সুলাইমান (আ.)-এর বিশেষত্ব হলেও, এতে নেতৃত্ব, শৃঙ্খলা, যোগাযোগ এবং সজাগ দৃষ্টিভঙ্গির গভীর শিক্ষা রয়েছে; (ঘ) এই ঘটনাটি শিক্ষা দেয়—দো’য়ার মাধ্যমে আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞতা এবং বিনয় প্রকাশ করতে হয়; আর প্রকৃত নেতা কখনো পিপিলিকার মত দুর্বলকে অবহেলা করে না। এই ঘটনা ইসলামী নেতৃত্ব ও দাওয়াহর ক্ষেত্রেও এক অনন্য হিকমাহ প্রকাশ করে।
৭. সুলাইমান (আ.)-এর কাহিনীতে নীতিমূলক শিক্ষা এবং হিকমাহ:
_(ক) গোয়েন্দা নেটওয়ার্ক ও হুদহুদ পাখির ভূমিকা (সূরা নামল ২৭:২০–২৮):_ হুদহুদ পাখি রাণী বিলকিস ও সাবা-জাতির অবস্থা সম্পর্কে তথ্য দিয়ে আসে। এতে বোঝা যায়, সুলাইমান (আ.) তথ্যভিত্তিক ও কৌশলী প্রশাসন পরিচালনা করতেন। সুলাইমান (আ.)-এর শাসনব্যবস্থায় গোয়েন্দা নেটওয়ার্ক অত্যন্ত দক্ষ ও সুনিয়ন্ত্রিত ছিল, যা তাঁর প্রজ্ঞাপূর্ণ ও তথ্যভিত্তিক প্রশাসনের এক অনন্য উদাহরণ। হুদহুদ পাখি রাণী বিলকিস এবং সাবা-জাতির ধর্মীয় ও রাজনৈতিক অবস্থার বিস্তারিত তথ্য এনে দেয়, যা সুলাইমান (আ.)-কে গুরুত্বপূর্ণ দাওয়াতি ও কৌশলগত সিদ্ধান্ত নিতে সহায়তা করে। কুরআনের এই বর্ণনার মাধ্যমে এটি অনুমিত যে, সুলাইমান (আ.)-এর গোয়েন্দা ব্যবস্থা কেবল পাখি দিয়ে সীমাবদ্ধ ছিল না; বরং তাঁর সেনাবাহিনীতে জ্বিন, মানুষ ও বিহংগকুলের সম্মিলিত অংশগ্রহণে এক সুসংবদ্ধ এবং বহুস্তরীয় গোয়েন্দা কাঠামো গঠিত ছিল। এটি আধুনিক গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার এক প্রাচীন, কিন্তু চমৎকার দৃষ্টান্ত।
_(খ) সিংহাসন আনয়ন (সূরা নামল ২৭:৩৮–৪০):_ তিনি চাইলেন রাণী বিলকিসের আগমনের আগেই তাঁর সিংহাসন এনে দেওয়া হোক। কিতাবের জ্ঞানে জ্ঞানী তাঁর এক সভাসদ আল্লাহভীরু ব্যক্তির মাধ্যমে মূহুর্তেই সিংহাসন আনা হয়, এটি ছিল এক অলৌকিক ঘটনা। শিক্ষা: ক্ষমতা আল্লাহর অনুমতিতে সীমাবদ্ধ এবং বুদ্ধিমত্তার মাধ্যমে প্রতিপক্ষকে চমকে দেওয়ার কৌশল। কাঁচের মেঝেতে রাণী বিলকিসের প্রতিক্রিয়া (সূরা নামল ২৭:৪৪): প্রাসাদের স্বচ্ছ কাঁচের মেঝে দেখে রাণী প্রথমে ভয় পান, যা প্রকৃত সত্যের জ্ঞান না থাকলে মানুষের ভুল সিদ্ধান্ত গ্রহণের একটি নিদর্শন। শিক্ষা: বাহ্যিক বাস্তবতা না দেখে গভীরভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব।
_(গ). পিপিলিকার কাহিনীতে প্রতিক্রিয়া (সূরা নামল ২৭:১৮–১৯):_ সুলাইমান (আ.) তাঁর বাহিনীসহ চলার সময় একটি পিপীলিকা তার জাতিকে সতর্ক করে বলে—“সুলাইমান ও তার বাহিনী যেন তাদের অজান্তে তোমাদের পদদলিত না করে।” সুলাইমান (আ.) এ কথা শুনে মুচকি হেসে আনন্দিত হন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দো‘আ করেন। এই ঘটনাটি আমাদের শেখায় যে, একজন আদর্শ নেতা কেবল ক্ষমতাশালী নয়, বরং বিনয়ী, সহানুভূতিশীল এবং কৃতজ্ঞচিত্তের অধিকারী হন। এটি ছোট প্রাণীর বক্তব্য গুরুত্বের সঙ্গে গ্রহণ করার দৃষ্টান্ত, যা আমাদের শেখায়—ক্ষমতা যতই বড় হোক, নেতৃত্বে সহমর্মিতা, আত্মসংযম ও কৃতজ্ঞতা অপরিহার্য।
_(ঘ) সুলাইমান (আ.)-এর ঘোড়ার প্রতি মুগ্ধতা ও সালাত মিসের প্রতিক্রিয়া (সূরা সাদ ৩৮:৩১–৩৩):_ একদিন অপরাহ্নে সুলাইমান (আ.)-এর সামনে তাঁর যুদ্ধ প্রস্তুত রথের ঘোড়াসমূহ প্যারেড করা হয়। তিনি ঘোড়াগুলোর সৌন্দর্য, গতি ও শক্তিতে এতটাই মুগ্ধ হন যে, নির্ধারিত সময়ের সালাত আদায় করতে অনেক দেরি করেন। বিষয়টি উপলব্ধি করেই তিনি তীব্র অনুশোচনায় ভোগেন এবং আল্লাহর স্মরণ থেকে বিচ্যুতি হওয়ায় তাৎক্ষণিক আত্মসমালোচনার প্রতিক্রিয়ায় বলেন: “আমি তো আমার রবের স্মরণ থেকে বিমুখ হয়ে ঐশ্বর্যের প্রেমে মগ্ন হয়ে পড়েছি।” এরপর তিনি ঘোড়াগুলোর ঘাড় ও পায়ে হাত বুলাতে থাকেন—যা কেউ কেউ কুরবানির ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেছেন, আবার কেউ বলেন এটি ছিল ভালোবাসা ও বিচ্ছেদমূলক প্রতিক্রিয়া। এই ঘটনায় প্রমাণ হয়, এক আদর্শ নেতা ক্ষমতার মধ্যেও আত্মনিয়ন্ত্রণ, তাওবা ও আল্লাহভীতি বজায় রাখেন এবং ইবাদতের চেয়ে দুনিয়ার কিছুই অগ্রাধিকারযোগ্য নয়।
৮. উপসংহার: নবী সুলাইমান (আ.)-এর জীবন ছিল ন্যায়বিচার, জ্ঞান, দাওয়াহ, নেতৃত্ব ও আল্লাহভীতি—এই সব গুণের সমন্বিত প্রতিচ্ছবি। একজন নবী হিসেবে তাঁর অলৌকিক ক্ষমতা থাকলেও, তিনি ছিলেন বিনয়ী, বিচক্ষণ, তাক্বওয়াপূর্ণ এবং সর্বদা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। কুরআনে তাঁর কাহিনী তুলে ধরা হয়েছে কেবল ইতিহাসের জন্য নয়, বরং প্রতিটি প্রজন্মের জন্য আদর্শ নীতিমালার নিদর্শন হিসেবে। আজকের পৃথিবীর জন্য, যেখানে নেতৃত্বে সততা, ন্যায়বিচার ও মানবিকতা খুঁজে পাওয়া দুষ্কর—সেখানে সুলাইমান (আ.)-এর জীবন একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হতে পারে।
আল্লাহ-হুম্মা সাল্লি, ওয়া সাল্লিম, ওয়া বারিক আ’লা মুহাম্মাদ; আল-হামদু লিল্লাহি রাব্বিল আ’লামীন*। (মূসা: ২৭-০৬-২৫)।